খুলনায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩১ মে) সকাল সাতটার দিকে নগরীর আড়ংঘাটা থানার বাইপাস সড়কের আকমানের মোড়ের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
আড়ংঘাটা থানার সহকারী উপ-পরিদর্শক (এস আই) শেখ হিলাল উদ্দিন জানান, বুধবার সকালে স্থানীয়রা লাইন বিলপাবলা খালের মধ্যে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশটি উদ্ধার করে।
তিনি অারও জানান, নিহত ব্যক্তির মাথায় গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ভোর রাতের দিকে গুলি করে লাশটি খালে ফেলে দিয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।





