ইরাকের রাজধানী বাগদাদে দুটি পৃথক বোমা বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত এবং একশ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে শিয়া অধ্যুষিত বাগদাদের কারাদা জেলায় একটি জনপ্রিয় আইসক্রিমের দোকানে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হামলা চালানো হয়। এতে ১৬ জন মারা যায়।
ইরাক পুলিশ কর্মকর্তা মেজর আলি মোহাম্মদ জানান, বাগদাদের কেন্দ্রস্থল আল-হুরিয়া স্কোয়ারে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে।
পবিত্র রমজান মাস শুরু হওয়ার তৃতীয় দিনেই এই হামলার ঘটনা ঘটল। ইরাকের পরিবারগুলো ইফতারের পর অনেকেই বাইরে বের হন।
ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। ইসলামিক স্টেটের বার্তা সংস্থা আমাক জানিয়েছে, ‘শিয়াদের ভিড় লক্ষ্য করে একজন আত্মঘাতী এই হামলা চালিয়েছে।’
দ্বিতীয় বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে ইরাকের একটি অবসর সংস্থার কাছে। মঙ্গলবারের এই বিস্ফোরণে দুই পুলিশসহ ১১ জন নিহত হন।





