ঘূর্ণিঝড় ‘মোরা’ উপকূল অতিক্রমের পর সারাদেশে লঞ্চসহ নৌযান চলাচল পুনরায় শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টা থেকে পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

এর আগে ঘূর্ণিঝড় মোরা’র কারণে চট্টগ্রাম ও কক্সবাজারে সাত এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে পাঁচ নম্বর সতর্ক সংকেত দিলে সোমবার দুপুর ১টা থেকে নৌচলাচল বন্ধ রাখতে নির্দেশ দেয় বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানান, মঙ্গলবার দুপুর সোয়া ২টা থেকে নৌযান চলাচলের অনুমিত দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোরা আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে কুতুবদিয়ার কাছ দিয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে। এটি স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃষ্টি ঝরিয়ে নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। তাই মহাবিপদ সংকেত নামিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্র বন্দরেসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।