গাজীপুরে ৯ হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । গ্রেফতারকৃত যুবকের নাম মাহমুদুল হাসান দিপু (২৭) ।দিপু গাজীপুর সিটি করপোরেশনের বড়কয়ের এলাকার শাহ আলম ওরফে ফখরুর ছেলে।

মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা সংস্থার এক প্রেসবিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণখান এলাকার ধীরাশ্রম সড়কের মাথায় ঢাকা বাইপাস সড়কের পাশে সোমবার রাতে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বড়ি ক্রয়-বিক্রয় করছে সংবাদ পায় জেলা গোয়েন্দা পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা বড়িসহ মাহমুদুল হাসান দিপুকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়দেবপুর থানা মামলা দায়ের করা হয়েছে।