শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, যেকোনো কর্মে নিয়োগের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কারণ, কর্মে নিয়োগের ক্ষেত্রে বৈষম্য থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ইনক্লুসিভ বিজনেস কুড ইট লিড টু হাইয়ার প্রোডাকটিভিটি অ্যান্ড বেটার ওয়ার্কিং কন্ডিশন?’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মুজিবুল হক বলেন, প্রতিবন্ধীদের বিশেষ দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কর্মে নিয়োগ করা গেলে তারা মানবসম্পদ হিসেবে অবদান রাখতে পারবে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে তাদের নিয়োগ দিলে উৎপাদন বাড়বে এবং সমাজের মূল স্রোতধারায় যুক্ত হবে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা সব কাজ না পারলেও তাদের উপযোগী বিশেষ কাজে তারা অন্য সাধারণ মানুষের চেয়ে দক্ষতার পরিচয় দিতে পারে। সমাজের একটি বিশেষ অংশকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। প্রতিবন্ধীদের নিয়ে এ ধরনের দৃষ্টান্তমূলক উদ্যোগ গ্রহণের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও এবং সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ এপারেল ইন্ডাস্ট্রি সিইবিএআইকে অভিনন্দন জানান মন্ত্রী।

তিনি বলেন, এতে এ উদ্যোগের ফলে এ সেক্টরের অন্য মালিকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। দেশের অর্থনীতি উপকৃত হবে, সমগ্র জাতি উপকৃত হবে।

সেমিনারে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে নিজ নিজ কারখানায় ইনক্লুসিভ বিজনেস পলিসির অন্তর্ভুক্তি এবং প্রতিবন্ধীদের বিশেষ দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের জন্য সিইবিএআই’র সঙ্গে অনন্তা, বিটপি এবং শিনশিন গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

সেমিনারে প্যানেল আলোচনায় অংশ নেন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলমগীর, এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন কাশেম খান, সিইবিএআই’র সভাপতি আতিকুল ইসলাম এবং আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রী নিবাস বি রেড্ডি প্রমুখ।