ছাত্র-ছাত্রীদেরকে তামাকজাত পণ্যের প্রতি নিরুৎসাহিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের তিন কিলোমিটারের মধ্যে বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রি বন্ধ করার পরামর্শ দিয়েছেন পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।
তিনি বলেছেন, স্কুল-কলেজের নিকটবর্তী জায়গাগুলোতে বিড়ি-সিগারেটের সহজলভ্যতার কারণে ছাত্রছাত্রীরা সহজেই এর প্রতি আসক্ত হয়ে পড়ে। বিড়ি-সিগারেটের প্রতি আসক্তি বন্ধ করলে যেকোনো ধরনের খারাপ অভ্যাস থেকে দূরে থাকা সম্ভব।
মঙ্গলবার ধানমন্ডিস্থ ঢাকা আহছানিয়া মিশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৭ উপলক্ষে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এবং ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাহ্উদ্দিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের গ্রান্টস ম্যানেজার ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশনের সহকারী পরিচালক মোখলেছুর রহমান।
বক্তারা তামাক নিয়ন্ত্রণের জন্য গণমাধ্যম কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার জন্য আহ্বান জানান।
দেশের উন্নয়নে তামাক একটি অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করে তারা বলেন, আমাদের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তার অন্যতম হুমকি তামাক উৎপাদন। বর্তমানে শতকরা ৪৩ ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাক গ্রহণ করছে।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ উল্লেখ করেন, তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে চিকিৎসা ব্যয় বহুগুনে বেড়ে গেছে, যা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বিশাল বোঝা। পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও অসংক্রামক রোগের প্রকোপ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে, বর্তমানে বাংলাদেশের মোট মৃত্যুর শতকরা ২৭.৩ ভাগ হয় অসংক্রামক রোগ যেমন- ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, শ্বাসতন্ত্রের অসুখ ও ক্যান্সার জনিত কারণে। অসংক্রামক রোগের জন্য যে আচরণসমূহকে ঝুঁকিপূর্ণ বলে গণ্য করা হয় তার মধ্যে অন্যতম হলো তামাকের (সিগারেট, বিড়ি, জর্দ্দা, গুল) ব্যবহার।





