ঝালকাঠির রাজাপুরে এক যুবককে প্রকাশ্যে উলঙ্গ করে পিটিয়ে ইয়াবা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগে সাতুরিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিদ্দিকুর রহমানসহ ৯জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টায় ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নির্যাতিতার মা জাতীয় জয়ীতা পদক প্রাপ্ত হেলেনা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক রুবাইয়া আমেনা অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

মামলার বিবরণে জানাযায়, গত ২৪ মে সকালে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তাঁরাবুনিয়া গ্রামে বাড়ির পাশের দোকানী ইউসুফ আলীর কাছে পাওনা টাকা চাইতে যায় হেলেনা বেগমের ছেলে রাহাত। টাকা না দেওয়ায় দোকানীর সঙ্গে রাহাতের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়।

ঘটনার কিছুক্ষণ পরে ইউসুফের পক্ষ নিয়ে সাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান তাঁর সহযোগীদের নিয়ে হেলেনা বেগমের বাড়ি থেকে রাহাতকে ধরে এনে চারটি ইয়াবা ট্যাবলেট দিয়ে রাহাতকে রাজাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে বলে হেলেনা বেগম অভিযোগ করেন।

এ ঘটনায় রাহাতের নামে ওই দিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে রাহাতকে আহতাবস্থায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বর্তমানে রাহাত ঝালকাঠির জেল হাজতে রয়েছে।

বাদীর আইনজীবী আক্কাস সিকদার জানান, ঘটনার পর থেকে মামলার বাদীকে আসামীরা ভয়ভীতি দেখিয়ে আসছিল। এমনকি ঘটনা কাউকে না জানাতেও হুমকি দেওয়া হয়।