বেনাপোল’র রেলস্টেশন এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে ১০টি সোনার বারসহ মনির হোসেন (২৫) নামে এক স্বর্ন চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুর রহমান জানান, বেনাপোল বাজার থেকে বড় ধরনের সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেন নামে এক সোনা চোরাচালানীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১০টি সোনার বারসহ মনির হোসেনকে আটক করা হয়।
আটক সোনার বারের মূল্য ৪৮ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটক সোনা বেনাপোল কাস্টমস এ জমা দেয়া হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে ২ কেজি ৩’শ গ্রাম সোনার বারসহ এক জনকে আটক করা হয়।





