মানিকগঞ্জ সদর উপজেলার সুরণ্ডী গ্রামে রেহেনা বেগমকে হত্যার দায়ে স্বামী রুবেল মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির আসামির উপস্থিতিতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রেহেনাকে গলাটিপে হত্যা করেন রুবেল। ঘটনার পর এলাকাবাসী রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরের দিন রেহেনার বাবা ইব্রাহিম মিয়া বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৩ ডিসেম্বর সদর থানার এসআই আমিনুর রহমান রুবেলের বিরুদ্ধে হত্যার অভিযোগে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।