এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে রাশিয়ায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ১৩৭ জনের মতো। গতকাল রাশিয়ার রাজধানী মস্কোয় ঝড়টি আঘাত হাতে। গাছচাপা ও বিলবোর্ড ভেঙে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় বার্তা সংস্থা তাস।

মস্কোর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রামান ভিলফান্দ জানান, ঝড়ের সময় বাতাসের একটানা গতিবেগ ছিল প্রতিঘণ্টায় ১১০ কিলোমিটার। শীতল আবহাওয়ার সঙ্গে উষ্ণ বায়ুমণ্ডলীর সংযোগের কারণে এ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।

ঝড়ে গাছচাপালা ও বিলবোর্ড ভেঙে পড়েছে। এছাড়া বিভিন্নস্থানে খুঁটি উপড়ে ও তার ছিড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের কারণে প্রচণ্ড বাতাস ও ভারি বর্ষণের ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ বলছে, গত একশ বছরের মধ্যে এমন ভয়াবহ ঝড় দেখা যায়নি। সর্বশেষ ১৯৯৮ সালে মস্কোয় আঘাত হানা এক ঘূর্ণিঝড়ে নয়জনের প্রাণহানি ঘটে।

এদিকে ঘূর্ণিঝড়ে নিহতদের প্রত্যেকের পরিবারকে এক মিলিয়ন রুবল অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সাবইয়ানিন।