প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে সন্ধ্যা ৬টায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আর উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এগুলোর দ্বীপ ও চর থাকবে ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায়।

সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, এই ঘূর্ণিঝড় আগামীকাল মঙ্গলবার সকাল নাগাদ আঘাত হানতে পারে। ঠিক কখন আঘাত হানবে সেই সময় জানাতে পারেননি আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এ প্রতিবেদককে বলেন, ‘এ ব্যাপারে সময় দেওয়া যাবে না। কারণ, বাতাসের গতিবেগ কখন কত থাকবে, কোন দিকে যাবে এটা অনুমান করা যায়, নিশ্চিত করে বলা যায় না। যে কারণে আমরা শুধু বলছি, কাল সকালে আঘাত হানবে। তবে ঘূর্ণিঝড়টি আরো কাছে আসলে হয়তো একটা সময় দেওয়া যাবে। আমরা বুলেটিনে তা জানিয়ে দেব।

এদিকে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং এগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোও ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।