জঙ্গি দমনে সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে মাদক নির্মূলেও আমাদের সফল হতে হবে। তবে মাদক নির্মূল করাই এ সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া সুশাসন প্রতিষ্ঠায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি।

তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবার তিনি সুশাসনের প্রতি নজর রাখবেন। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে যা যা প্রয়োজন, আমরা সব কিছুই করব। এতে কে অপরাধী হলো আর কে হলো না, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো, যে অপরাধ করবেন, তাকে অবশ্যই আইনের মোকাবিলা করতে হবে।

সম্প্রতি আইনশৃঙ্খলার অবনতির ঘটনায় আসাদুজ্জামান খান কামাল বলেন, এসব বিচ্ছিন্ন ঘটনা। জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকার সাফল্য অর্জন করেছে। এছাড়া মাদক নির্মূলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা মাদক থেকে সব সময় দূরে থাকবে। মাদকের ‘ম’ পর্যন্ত উচ্চারণ করবে না। তোমরা নিশ্চয়ই ঐশীর কথা মনে রেখেছো। মাদক কত ভয়াবহ হতে পারে।

মাদকের কোন চিহ্ন পেলে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।