তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে নাটোরের সিংড়া উপজেলার পরিবহন সেক্টরের সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের উৎখাত করেছে উপজেলা প্রশাসন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

প্রতিমন্ত্রীর এমন ঘোষণার পর পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের ধরতে মাঠে নেমে পড়েছে প্রশাসন।

রবিবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর নেতৃত্বে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শ্রমিক কল্যাণ মালিক শ্রমিকের অবৈধ চাঁদা বন্ধ করে দেয়া হয়।

এ সময় সিংড়া বাসস্ট্যান্ডে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দক্ষিণ দমদমা এলাকার আনোয়ার হোসেন নামে এক ভ্যান শ্রমিককে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, শনিবার বিকেলে সিংড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিংড়ার সব চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদ নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রতিমন্ত্রীর সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যে সব সেক্টরে চাঁদাবাজি বন্ধ করে দেয়া হয়েছে। চাঁদা তোলার বেশকিছু রশিদ জব্দ করা হয়েছে।

ইউএনও আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে বাস-ট্রাক, রিকশা, সিএনজি এবং অটোরিকশার চালক-মালিকদের কাছ থেকে চাঁদা তুলে আসছিল একটি গোষ্ঠী। প্রভাবশালী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছিল না। কিন্তু প্রতিমন্ত্রী পলক দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পর থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সিংড়া উপজেলায় আর কেউ অবৈধভাবে যেন পরিবহন খাত থেকে চাঁদা আদায় করতে না পারে সেজন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। সিংড়া উপজেলা থাকবে চাঁদাবাজিমুক্ত।

এদিকে, পরিবহন সেক্টরে সব ধরনের চাঁদাবাজি বন্ধ হওয়ায় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান সিংড়া মোটর মালিক শ্রমিক নেতারা। এছাড়াও পলকের এই ঘোষণার পর সাধারণ মানুষদের মনে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সাধারণ মানুষ এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।