দেশি তরুণ তারকাদের নিয়ে গড়া রাজশাহী কিংসের দল। তাদের দলে আছেন মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মমিনুল হক, জাকির হোসেনরা। সিনিয়র কিছু বিদেশি তারকা অবশ্য দলে আছে রাজশাহীর। তবে দেশি তরুণ নেতার ওপরই ভরসা রাখছে রাজশাহী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তাই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় দলের নিয়মিত মুখ মেহেদি মিরাজকে অধিনায়ক ঘোষণা করেছে দলটি।

বিপিএল শুরুর একদিন আগে রাজধানীর হাতিরঝিলের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী কিংস। ওয়াটার বাসে হাতিরঝিল প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মিরাজের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। মিরাজের ডেপুটি করা হয়েছে সৌম্য সরকারকে।

আগে থেকেই রাজশাহী কিংসের হয়ে খেলছেন মেহেদী হাসান মিরাজ। এবারও কিংসরা দলে রেখে দিয়েছিল মিরাজকে। তরুণ নেতৃত্বকে বিকাশ করার পথে হাঁটতে গিয়েই মিরাজের কাঁধে নেতৃত্ব তুলে দেয়ার সিদ্ধান্ত নেয় তারা। সবচেয়ে বড় কথা, অধিনায়ক হিসেবে একেবারেই নতুন নন মিরাজ।

অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক থাকাকালেই আলোচনায় উঠে আসেন এই তরুণ ক্রিকেটার। জাতীয় দলে আসার পরও নিয়মিত সদস্য হয়ে গেছেন তিনি। জাতীয় দলের হয়ে গত দুই বছর খেলে হাত পাকিয়ে ফেলেছেন মিরাজ। বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেও ধারণা করা হয় তাকে। বিপিএলে একটি দলের নেতৃত্ব দেয়ার অর্থ, সে পথে মিরাজের অনেকটুকু এগিয়ে যাওয়া।

রাজশাহীর কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে। মিরাজ, সৌম্য এবং ক্লুজনার- এই তিনে মিলে রাজশাহীকে কতদূর এগিয়ে নিতে পারেন, সেটাই এখন দেখার।