মহাজোটের মহা বিজয় হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড জয়ের মধ্য দিয়ে। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে দলটি। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করেছেন শেখ হাসিনা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৯ আসনে জয়ী হয়েছে। ওয়াকার্স পার্টি ৩, জাসদ ২, বিকল্পধারা ২, তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি ২০, জেপি (মঞ্জু) ১, বিএনপি ৫, গণফোরাম ২, স্বতন্ত্র ৩ প্রার্থী জয়ী হয়েছেন।

মহাজোটের রেকর্ড বিজয়ের পরও জনগণকে শান্ত থাকতে বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বিবৃতিতে তিনি বলেছেন, এখন আনন্দ মিছিল করার সময় নয়, দেশ গঠনের সময়। কাজেই কোনো স্থানে কেউ আনন্দ মিছিল করবেন না।

আওয়ামী লীগের নীতি নির্ধারণী একটি সূত্র জানিয়েছে, ১ জানুয়ারি সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরদিন ২ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা ৩ জানুয়ারি শপথ গ্রহণ করতে পারেন। পাশাপাশি ৬ জানুয়ারি গঠিত হতে পারে নতুন মন্ত্রিসভা। সরকার ও আওয়ামী লীগের হাইকমান্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিকে নির্বাচন কমিশন সূত্র জানায়, ২ জানুয়ারি বুধবার চূড়ান্ত ফলাফলে নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হতে পারে। বিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে শপথ গ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেব অনুযায়ী, ৩ জানুয়ারি বৃহস্পতিবারই হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান।

দলীয় নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এবারও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ চারবারের প্রধানমন্ত্রী।

মহাজোটের শরিক জাতীয় পার্টি (জাপা) দ্বিতীয় সর্বোচ্চ ২০টি আসন পেয়ে সংসদে বিরোধী দল হিসেবে বসতে যাচ্ছে। রাজনৈতিক দলের প্রাপ্ত আসনের সংখ্যার বিচারে এটি দ্বিতীয় সর্বোচ্চ আসন।

এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুলসংখ্যক আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। যদিও আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত বর্তমান সরকারের মেয়াদ রয়েছে।