টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দল হিসেবে সংযুক্ত আরব আমিরাত গিয়েছিল তারা। কিন্তু দাপট দেখানোর বদলে উল্টো ফাইনালের আগেই দেশে ফেরার পথ ধরতে হয়েছে সরফরাজ আহমেদের দলটিকে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

দলের এমন পরিণতি মানতে পারছেন না পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমল। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে ১৮৪ উইকেট নেওয়া সাবেক এই ক্রিকেটারের দাবী, যেসব দল পাকিস্তানের নাম শুনে ভয় পেত, তারাই নাকি আজ তাদের চোখ রাঙাচ্ছে। বাংলাদেশের কাছে হারের পর এমনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ৪০ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।

তার দাবী, কিছু কিছু দল নাকি এক সময় পাকিস্তানের নাম শুনেই হেরে বসে থাকতো। গতকালের হার হজম করতে না পেরে তিনি বলেছেন, ‘এই দলগুলো পাকিস্তানের নাম শুনলেই ভয় পেত। পাকিস্তানের নাম শুনলেই ম্যাচ হেরে যেতো। এখন এইসব দলের বোলাররা আমাদের ব্যাটসম্যানের চোখ রাঙায়, যেকোন কিছু করার স্পর্ধা দেখায়। এই দিনও দেখতে হলো। দলের পারফরম্যান্স এতটাই বাজে ছিল যে বাংলাদেশের বিপক্ষের ম্যাচ দেখে আমার লজ্জাই লাগছে।’

এদিকে বাংলাদেশের কাছে হারের আগে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরেছে দুই দুইবার। বলতে গেলে বিরাট কোহলিবিহীন ভারতীয় দলের কাছে পাত্তাই পায়নি তারা। সেই হারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, পাকিস্তান দল বাচ্চাদের মতো খেলেছে।