২০১৭’র সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো দ্বীপে আঘাত হানা হারিকেন মারিয়ায় নিহতের সংখ্যা নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকো দ্বীপে আঘাত হানা ধ্বংসাত্মক হারিকেন ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মারিয়ার তাণ্ডবে ২ হাজার ৯৭৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০১৭ সালে দ্বীপটিতে এ হারিকেন আঘাত হানে।

বিবিসি জানিয়েছে, এর আগে প্রকাশিত মৃতের সংখ্যা ৬৪ জনের থেকে ৫০ গুণ দাঁড়িয়েছে।দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীন তদন্তের পর যে তথ্য পাওয়া গেছে তা ‘গৃহীত’ হয়েছে বলে জানিয়েছেন পুয়ের্তো রিকোর গভর্নর রিকোর্ডো রোসেলো।গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সরকারিভাবে নিহতের সংখ্যা ২,৯৭৫ জনে উন্নীত করতে আদেশ দিচ্ছি আমি। এটি একটি হিসাব হলেও এর বৈজ্ঞানিক ভিত্তি আছে।’

প্রায় ৯০ বছরের মধ্যে ওই এলাকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মারিয়ায় মোট কতজন নিহত হয়েছে সে বিষয়ে সঠিক তথ্য না দেওয়ায় প্রায় এক বছর ধরে কর্তৃপক্ষকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছিল।

গতকালের ঘোষণার আগ পর্যন্ত সরকারি হিসাবে নিহতের সংখ্যা ছিল মাত্র ৬৪ জন; যদিও দ্বীপটির প্রায় সবারই জানা ছিল যে নিহতের সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি হবে।হারিকেন আঘাত হানার কিছুদিন পর কিছু বিশেষজ্ঞের হিসাবে নিহতের সংখ্যা ৪,৬০০ জনের মতো হবে বলে বলা হয়েছিল।

মারিয়ায় পুয়ের্তো রিকোর অবকাঠামো ও বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেগুলো পুনর্নিমাণ করতে দ্বীপটিকে সংগ্রাম করতে হচ্ছে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে ১৩৯ বিলিয়ন ডলার চেয়েছে দ্বীপটির কর্তৃপক্ষ।

সেসময় হারিকেন পরবর্তী সপ্তাহগুলোতে বিধ্বস্ত দ্বীপটির বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার যেভাবে সাড়া দিয়েছিল তার প্রশংসা করে সমালোচিত হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।