নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এক বছর ঝুলে থাকার পর নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সোমবার (৬ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুর দেড়টায় মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। সংসদের আগামী অধিবেশনে আইনটি পাসের জন্য তোলা হবে।
চালকের অবহেলায় সড়ক দুর্ঘটনায় কারও মৃত্যু হলে সর্বোচ্চ সাজা পাঁচ বছরের কারাদণ্ড আর জরিমানার বিধান রেখে সড়ক পরিবহন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে যে নয় দফা দাবি জানানো হয়েছিল, তাতে দুর্ঘটনায় চালকের সর্বোচ্চ সাজা হিসেবে ফাঁসির দাবি জানানো হয়েছিল। পরিবহন মালিক শ্রমিকরা বরাবর এই সাজার বিরোধী। এমন সাজা হলে গাড়ি চালানো বন্ধের হুমকিও এসেছে নানা সময়।
এই আন্দোলন চলাকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন আজকের মন্ত্রিসভার বৈঠকে আইনটি অনুমোদন হবে আর এটি পাস হলে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে আরও কার্যকরভাবে কাজ শুরু করতে পারবেন তারা।
কিন্তু কী থাকছে নতুন আইনে? বিডি২৪লাইভের পাঠকদের জন্য আমাদের আজকের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেসব নতুন আইনের কিছু তথ্য। এসব জানতে নিচে একটু চোখ বুলিয়ে নিন।
শিক্ষাগত যোগ্যতা
আগের আইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা ছিল না। নতুন আইনের খসড়ায় ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য চালকের কমপক্ষে অষ্টম শ্রেণি পাসের শর্ত রাখা হয়েছে।
সহকারী হতেও শিক্ষাগত যোগ্যতা
আগের অধ্যাদেশে সহকারীদের লাইসেন্সের কথা থাকলেও তাদের শিক্ষাগত যোগ্যতার শর্ত ছিল না। নতুন আইনে চালকের সহকারীরও থাকতে হবে পঞ্চম শ্রেণি পাসের সার্টিফকেট। সহকারী হতে বাধ্যতামূলকভাবে লাইসেন্সের বিধান তো থাকছেই।
ন্যূনতম বয়স
ব্যক্তিগত গাড়ি চালনার জন্য চালকের বয়স আগের মতই অন্তত ১৮ বছর রাখা হয়েছে। তবে পেশাদার চালকদের বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর।
বাড়ছে সাজা
নতুন আইনের খসড়ায় চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে অনধিক ছয় মাসের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। আগের আইনে এই অপরাধের জন্য তিন মাসের জেল বা ২৫ হাজার টাকা জরিমানার বিধান ছিল।
সাজা হবে সহকারীরও
চালকের সহকারীর লাইসেন্স না থাকলে এক মাসের জেল বা ২৫ হাজার টাকা জরিমানার বিধান আছে নতুন আইনের খসড়ায়।
নিষিদ্ধ মোবাইল ফোন
নতুন আইন পাস হলে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না চালক। এ আইন ভাঙলে এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
বিনা পরোয়ানায় গ্রেফতার
ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে- এমন অপরাধের ক্ষেত্রে চালককে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেয়া হয়েছে পুলিশকে।
বিধি অমান্যে পয়েন্ট কাটা
প্রস্তাবিত আইনে লাইসেন্সে থাকবে মোট ১২ পয়েন্ট। বিভিন্ন বিধি অমান্যে কাটা যাবে এই পয়েন্ট। পয়েন্ট শূন্য হলে বাতিল হবে চালকের লাইসেন্স।





