ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশের পর যেন এসেছে এক স্বস্তির জয়। ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে গেইলদের ৪৮ রানে হারিয়েছে বাংলাদেশ। যার ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে টিম-টাইগাররা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই এনামুল হক বিজয়কে হারিয়ে চাপে পরে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই ফিরে যান এনামুল হক বিজয়। আউটফিল্ড আর উইকেটও ছিল ধীরলয়ের। তাই শুরুর দিকের কাজটা কঠিনই ছিল তামিম ইকবাল ও সাকিব আল হাসানের জন্য। দুজনই ব্যাটিং করেছেন দেখেশুনে। রান তুলছিলেন ধীর গতিতে।
তামিম ইকবাল ও সাকিব আল হাসান ২০৭ রানের বিশাল জুটি গড়ার পর শেষে এসে ঝড় তুলেন মুশফিকুর রহিম। শেষদিকে মুশফিকের ঝড়ো ব্যাটিংয়েই লড়াকু স্কোর পায় বাংলাদেশ। তামিম ইকবালের কাছে অত্যন্ত মূল্যবান মুশফিকুর রহিমের এ ছোট্ট কিন্তু কার্যকরী ইনিংসটি। দলকে বাড়তি ২০-৩০ রান এনে দিয়েছে বলেও মনে করেন তামিম।
ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয় প্রথম ১০ ওভার অনেক কঠিন ছিল। ২৫ ওভারের পর অবস্থা একটু ভালো হয়। সৌভাগ্যবশত মুশফিক একটি মূল্যবান ইনিংস খেলেছেন এবং বাংলাদেশকে বাড়তি ২০-৩০ রান এনে দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘টেস্ট সিরিজটা আমাদের পক্ষে যায়নি। কিন্তু এ ফরম্যাটে আমরা অনেক বেশি স্বাছন্দ্যবোধ করি। ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে দেখে ভালো লাগছে।’





