নয়াদিল্লিতে ‘ভারত-বাংলাদেশ : ঐতিহাসিক ও সমকালীন প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনার সভায় সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, জাকির নায়েককে কখনও বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ কখনই তার ভূমিকে নয়াদিল্লির প্রতি শত্রু ভাবাপণ্ণদের ব্যবহার করার অনুমতি দেবে না। জাকির নায়েককে তার দেশে ফেরানোর বিষয়ে আমরা পুরোপুরিভাবে ভারতকে সহযোগিতা করব ।

তিনি আরও বলেন, ‘আমাদের সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার ঘোষিত জিরো টলারেন্স নীতির প্রতি অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশের মাটি কখনই আমাদের প্রতিবেশী দেশগুলোর কাছে শত্রুভাবাপণ্ণদের কাউকে ব্যবহার করতে দেয়া হবে না’।

২০১৬ সালের জুলাইয়ে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার পর জানা যায় যে, অন্তত দুজন সন্ত্রাসবাদী জাকির নায়েকের ইসলামসংক্রান্ত প্রচার দিয়ে উদ্বুদ্ধ হয়েছিলেন। এর পরই এই ভারতীয় প্রচারক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।এর মধ্যে অন্যতম সন্দেহভাজন হামলাকারী রোহান ইমতিয়াজ হামলার আগে সামাজিকমাধ্যম ফেসবুকে জাকির নায়েককে উদ্ধৃত করে একটি পোস্ট দেন।

জাকিরের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও মুদ্রাপাচারের অভিযোগ তদন্ত করছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ঢাকায় সন্ত্রাসী হামলার পর ২০১৬ সালের জুলাই মাসে তিনি ভারত ছাড়েন। খবর পিটিআই।