সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সৈয়দ হোসেন ও একই উপেজলার আওড়িয়া ইউনিয়নের দত্ত পাড়া গ্রামের ইস্রাফিল শেখ, মাগুড়া জেলার মুহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের দেওলি গ্রামের শাহ আলম।

বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকালে একটি মিনিবাসে কর্মস্থলে যাচ্ছিলেন বাংলাদেশি শ্রমিকরা। এ সময় বাসের টায়ার বিস্ফোরণ হলে রাস্তার পাশে ছিটকে পড়ে। বাসটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই ১১ বাংলাদেশি নিহত হন।

জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর (শ্রম) আমিনুল ইসলাম বলেন, আমরাও সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। হাসপাতালে আমাদের লোক পাঠানো হয়েছে।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ঘটনার খোঁজ-খবর নেয়া হচ্ছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।