ফল হিসেবে দেখতে ছোট হলেও পুষ্টিগুণে সকল ফলকে হার মানানো ফলের নাম হচ্ছে আমলকি। এই ফলের পাতা ও ফল উভয়ই ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। সবুজ রঙের এ ফলটিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। সৌন্দর্য্য চর্চায়ও রয়েছে এ ফলের ব্যাপক ব্যবহার। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এছাড়া এ ফলটি অতিরিক্ত মেদ কমিয়ে দেহকে রাখে সুঠাম। আসুন জেনে নেই আমলকির নানান গুণ এবং রোগ প্রতিরোধ ও সৌন্দর্য্য চর্চায় এর ব্যবহার সম্পর্কে-

প্রতিদিন ১-২টি আমলকি ভিটামিন সি-এর অভাবজনিত রোগ থেকে আপনকে দূরে রাখবে। একই সঙ্গে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি।
নিয়মিত আমলকি খেলে পেটের আলসার দূর হয়।
এছাড়া আমলকির রস কোষ্ঠকাঠিন্য দূর করে ও পাইলস রোগ থেকে মুক্তি দেয়।
খাওয়ার আগে মাখন ও মধুর সঙ্গে আমলকির গুঁড়া মিশিয়ে খেলে ক্ষুধামন্দা দূর হয়।
দৃষ্টিশক্তি বৃদ্ধিতে আমলকি খুবই উপকারী। এছাড়া চোখ লাল হওয়া, চুলকানো ও চোখ দিয়ে পানি পড়া রোধেও আমলকি বিশেষ ভূমিকা রাখে।
দীর্ঘমেয়াদী কাশি-সর্দির জন্য আমলকির নির্যাস উপকারী।
মেদ দূর করে দেহকে অতিরিক্ত মুটিয়ে যাওয়া থেকে রক্ষা করে।
তাছাড়া রূপচর্চায় আমলকি খুবই কার্যকরী একটি ফল। বিশেষ করে চুলের সৌন্দর্য্য রক্ষায় প্রাচীন কাল থেকেই এটি ব্যবহৃত হয়ে আসছে।

আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের যত্ন নেয়ার জন্য এটি একটি অপরিহার্য উপাদান। আমলকি খেলে শুধু চুলের গোড়াই শক্ত হয় না, চুল দ্রুত বেড়ে ওঠে।
চুলকে খুশকিমুক্ত ও কম বয়সে চুল পাকা রোধে আমলকি বিশেষ ভূমিকা পালন করে।
প্রতিদিন সকালে মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে খেলে চর্মরোগ নিরাময় হয়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ও মুখের চামড়ায় কোনো দাগ পড়ে না।