খুব বেশিই বাড়তি চাপ ছিল। কিন্তু সেই চাপ যে ম্যাচের প্রতি মিনিটে আর্জেন্টিনার হারের পথকে এভাবে বুনতে থাকবে, তা হয়তো ভাবেননি স্বয়ং দলের অধিনায়ক লিওনেল মেসিও।
ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই ৩-০ গোলের ব্যবধানে হারের কারণ কি তাহলে কেবলই আর্জেন্টিনার বাজে পারফরম্যান্স? উত্তর খুঁজেছেন ক্রোয়েশিয়ারই ফুটবলার ইভান পারসিচ। তার মতে, আলবিসেলেস্তারা দল হিসেবে খেলতে পারেনি আর্জেন্টিনা।
পারসিচ বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো মেসিও সেরা। কিন্তু আপনাকে কিছু জিনিস অর্জন করতে হলে একটা দল হিসেবে খেলতে হবে। আর্জেন্টিনা সেই জায়গাটাই আজ (গতকাল) সেটা করতে পারেনি।’
এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার আরও বলেন, ‘ড্রেসিংরুম থেকেই কেবল একটা দল হিসেবে চিন্তা করেছিলাম আমরা। আমরা বলেছিলাম এই ম্যাচ আমরা জিতব। আমরা পেরেছি। ম্যাচের প্রথমার্ধেও আমাদের সুযোগ ছিল। কিন্তু সেটা আমরা নিতে পারেনি। আমরা ম্যাচের জয়টা অর্জন করেছি। আশা করি আইসল্যান্ডকেও হারাতে পারব।’
দলের প্রাণভোমরা লিওনেল মেসির যোগ্যতা নিয়ে সন্দেহ নেই উল্লেখ করে পারসিচ জানিয়েছেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে এই হার আর্জেন্টিনা কেবল একটা দল হিসেবে খেললেই আটকাতে পারত। অন্যদিকে এই কাজটাই নিজেদের দলে করতে পেরেছে ক্রোয়েশিয়া। যার ফলাফল, আর্জেন্টিনার মতো দলকে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় পর্বে জায়গা করে নিল তারা।
এই মুহূর্তে আর্জেন্টিনা বিশ্বকাপের আসর থেকে বাদ পড়ার খুব কাছে রয়েছে। টুর্নামেন্টে তাদের নিজেদের প্রথম ম্যাচে তারা ড্র করেছে আইসল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে এই ক্রোয়েশিয়ার বিপক্ষে হার।





