মাননীয়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় জি-৭ শীর্ষ সম্মেলন ও আউটরিচ অধিবেশনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেয়া এক নৈশভোজে অংশগ্রহণ করেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তিনি জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে গতকাল বিকেলে এখানে এসে পৌঁছেন। গভর্নর জেনারেল জুলি পায়েট নগরীর লা সিটাডেলে এই নৈশভোজের আয়োজন করেন।। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী এখানে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুচ, হাইতির প্রেসিডেন্ট এবং ক্যারিবীয় সম্প্রদায়ের সভাপতি জোয়েনাল ময়েজি এবং নৈশভোজে যোগ দেয়া অন্যান্য অতিথিবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

শেখ হাসিনা বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিগুলোর সংগঠন জি-৭-এর বাইরের অপর ১৬ বিশ্ব নেতার সঙ্গে গ্রুপ অব সেভেন (জি-৭)-এর আউটরিচ অধিবেশনে যোগ দিচ্ছেন।অর্থাৎ জি-৭ আউটরিচ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও জি টোয়েন্টি জোটের বর্তমান সভাপতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট; ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ার হাইতির প্রেসিডেন্ট; জ্যামাইকার প্রধানমন্ত্রী; কেনিয়ার প্রেসিডেন্ট; মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট; নরওয়ের প্রধানমন্ত্রী; আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ার রুয়ান্ডার প্রেসিডেন্ট; সেনেগালের প্রেসিডেন্ট; সেসেলসের প্রেসিডেন্ট; দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট; ভিয়েতনামের প্রধানমন্ত্রী; আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর এমডি; অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সেক্রেটারি জেনারেল; জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০১৬ সালে জাপানে এবং ২০০১ সালে ইতালিতে জি সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দেন। কানাডা ছাড়া জি-৭ এর বাকি ছয় সদস্য দেশ হল ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সফরের তৃতীয় দিন রোববার সকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের পর টরেন্টো যাবেন শেখ হাসিনা। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন।

টরেন্টো থেকে প্রধানমন্ত্রী দেশের উদ্দেশে রওনা হওয়ার আগে সোমবার সকালে কানাডার মিয়ানমার বিষয়ক দূত বব রে, কানাডার সাসকাচোয়ান প্রদেশের উপ প্রধানমন্ত্রী জেরেমি হ্যারিসন এবং কমার্শিয়াল কোঅপারেশন অব কানাডার প্রেসিডেন্ট মার্টিন জাবলোকি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। কানাডার স্থানীয় সময় সোমবার দুপুরে টরন্টো থেকে দেশের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুবাইয়ে যাত্রাবিরতি করে মঙ্গলবার রাতে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তার।