অবৈধ শ্রমিক সমস্যা মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর, রিহায়ারিং এর শেষ সময় ৩০ জুন ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী মুহিদ্দীন ইয়াসিন জানিয়েছেন, অবৈধ শ্রমিকদের ওয়ার্ক পারমিট প্রদানের লক্ষ্যে ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কর্তৃক পরিচালিত রিহায়ারিং কর্মসূচী আগামী ৩০ শে জুন শেষ হবে এবং এরপর সময়সীমা আর কোন অবস্থাতেই বর্ধিত করা হবে না।
তিনি জানিয়েছেন এখন পর্যন্ত ৭ লক্ষ ৪৪ হাজার ৯৪২ জন অবৈধ শ্রমিক এবং ৮৩ হাজার ৯১৯ জন নিয়োগকর্তা এই রিহায়ারিং কর্মসূচির আওতায় নিবন্ধিত হয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, ৩০ শে জুন পূর্বে নিযুক্ত ভেন্ডরদের সময়সীমা সমাপ্ত হবে এবং এর সময়সীমা বৃদ্ধি করা হবে না। উল্লেখ্য এতোদিন মাইইজি এই রিহায়ারিং কর্মসূচীটি পরিচালনা করে আসছিলো।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ৩০ শে জুনের পরে নিয়োগকর্তা বা শ্রমিকরা যেকোন প্রয়োজনে সরাসরি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারবে।
এদিকে, সরকার এই বছরের আগস্ট পর্যন্ত অবৈধ বিদেশী শ্রমিকদের জন্য স্বেচ্ছায় আত্মসমর্পণের কর্মসূচি বাস্তবায়ন করবে। তবে ৩০ শে জুনের পর অবৈধ অভিবাসীদের গ্রেফতারের জন্য ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বড় আকারের অভিযান শুরু করবে বলে জানিয়েছেন মুহিদ্দীন ইয়াসিন।
বিদেশী কর্মী ও নিয়োগকর্তাদের দেশটির আইন মেনে চলা নিশ্চিত করতে সরকার আপোষ করবে না এবং অবৈধ শ্রমিক সমস্যা মোকাবেলার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার কথা তিনি উল্লেখ করেন।





