যেসব উন্নয়ন কাজ ভোগান্তি বাড়ায়, ঈদের আগে সেগুলো স্থগিতের নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজের ফেসবুক পেজে এই নির্দেশনার কথা জানিয়েছেন । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মন্ত্রী ফেসবুকে লেখেন, ‘ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সড়কে নগর উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার খোঁড়াখুড়ি চলছে। ঈদকে সামনে রেখে এসব কাজ জনভোগান্তি সৃষ্টি করছে।’

‘বৃষ্টিবিঘ্নিত হওয়ায় কাদামাটিতে পথচারীদের চলাচলেও কষ্ট হচ্ছে। সড়কের লেন কমে যাওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। তাই, এসময়ে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি-ডিটিসিএর চেয়ারম্যান হিসেবে আমি ওয়াসা, ডেসাসহ নগরে উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরকে ঈদের আগে-পরে কিছুদিন কাজ বন্ধ রাখার জন্য অনুরোধ করছি।’

রোজার মাঝামাঝি অবস্থায় এরই মধ্যে বাড়ি ফেরার পরিকল্পনা করে নিয়েছে কোটি মানুষ। শুরু হয়েছে বাসের আগাম টিকিট বিক্রি। শুক্রবার সকাল থেকে শুরু হবে ট্রেনের টিকিট যুদ্ধও।

এর মধ্যে সড়কপথে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকায় ময়মনসিংহ রুটে তীব্র যানজটের খবর এসেছে। ঈদের আগে যাত্রীচাপ বাড়লে পরিস্থিতি কী হয় তা নিয়ে আছে শঙ্কা।