ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে কলকাতা গেছেন।গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ শনিবার পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি গ্রহণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচক এ ডিগ্রি দেওয়া হবে। বাংলাদেশ সময় শনিবার বেলা ১২টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। কাজী নজরুলের জন্মজয়ন্তীতে বিশেষ এই সমাবর্তন উৎসবের আয়োজন করা হয়েছে।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আচার্য ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কাছ থেকে ডিলিট সম্মাননা নেয়ার পর শেখ হাসিনা নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক পাওয়া ২০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে।
সমাবর্তন অনুষ্ঠান শেষে শেখ হাসিনা কলকাতায় ফিরে যাবেন। বিকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর দক্ষিণ কলকাতার এলগ্রিন রোডের বাসভবনে যাওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এরপর রাতে দেশের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে বাংলাদেশ ভবন উদ্বোধন করেন তিনি। পরে সেখানে নরেন্দ্র মোদির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
বিশ্বভারতীতে সমাবর্তন অনুষ্ঠান সেরেই কলকাতায় ফিরে প্রধানমন্ত্রী চলে যান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঘুরে দেখেন ঠাকুরবাড়ি। সঙ্গে ছিলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী, পশ্চিমবঙ্গের নগর উন্নয়নমন্ত্রী ফরহাদ হাকিম প্রমুখ।
এরপর গতকাল সন্ধ্যায় শেখ হাসিনা কলকাতার শিল্পপতিদের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী ভারতীয় শিল্পপতিদের বাংলাদেশের শিল্পে বিনিয়োগ এবং বাংলাদেশের শিল্পপতিদের ভারতের শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এতে দুদেশ শিল্প আরও উন্নত হতে পারে। রাতে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির রাজভবনে দেওয়া নৈশভোজে অংশ নেন।





