হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফিকার গ্রেট ক্রিকেটার ৩৬০ ডিগ্রি খ্যাত আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। আইপিএলের চলতি আসর শেষ করেই ৩৪ বছর বয়সী ডি ভিলিয়ার্স বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এসময় তিনি বলেন,‘ ‘আমি জরুরী ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ১১৪টি টেস্ট ম্যাচ, ২২৮টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর এখন সময় এসেছে আমার জায়গায় অন্য কেউ দক্ষিণ আফ্রিকান দলে খেলুক। আমার দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করেছি। সত্যি বলতে আমি অনেক বেশি ক্লান্ত।’
‘আমি জানি এটি একটি কঠিন সিদ্ধান্ত, আমি এটা সম্পর্কে দীর্ঘ সময় ধরে চিন্তা করেছি। ভাল ক্রিকেট খেলার সময় অবসর গ্রহণ করতে চাই। ভারত এবং অস্ট্রেলিয়া বিরুদ্ধে চমৎকার সিরিজ জয় পাবার পর এখন সড়ে দাঁড়ানোর সঠিক সময়।’
‘বিদেশি লিগ খেলতে আমার কোন পরিকল্পনা নেই। পারিবার এবং ঘরোয়া ক্রিকেটে টাইটান্সকে সময় দিতে চাই। ফাফ ডু-প্লেসি এবং প্রোটিয়াদের জন্য সবসময় আমার সমর্থন থাকবে।’
প্রসঙ্গত, ২০০৪ সালে টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অভিষেক ঘটে ডি ভিলিয়ার্সের। এরপর থেকে গত ১৪ বছরে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ১১৪টি টেস্ট ম্যাচ ৮৭৬৫ রান করেন ডি ভিলিয়ার্স। ২২৮টি ওয়ানডেতে করেন ৯৫৭৭ এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে ১৬৭২ রান করেন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর এই ব্যাটসম্যান। তবে ডি ভিলিয়ার্সের ক্রিকেট থেকে বিদায় নেয়াটা লাখো কোটি ভক্তের জন্য বেদনাদায়ক।





