গুজরাটের জামনগরের সোমবার বিকেলে সেকশন রোডে নিজেদের বিএমডব্লিউতে চড়ে যাচ্ছিলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা সোলাঙ্কি। এমন সময় হঠাৎ পুলিশের একটি মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে জাদেজার স্ত্রীকে বহন করা গাড়ির। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ধাক্কাটা তেমন জোরালো না হলেও বাইকের আরোহী পুলিশ কনস্টেবল উত্তেজিত হয়ে পড়েন। জাদেজাপত্নীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তার গায়ে হাত তুলে বসেন। ঘটনার সময় উপস্থিত স্থানীয়দের বক্তব্যের বরাত দিয়ে এমনই সংবাদ প্রকাশ করেছে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। ওই পুলিশ কন্সটেবলের নাম সজয় আহির। ইতোমধ্যে তাকে বরখাস্ত করেছে গুজরাট পুলিশ। তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

জামনগর থানার সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ প্রদীপ সেজুল বলেন, ‘গাড়ির সঙ্গে সংঘর্ষের পর ওই পুলিশ কনস্টেবল জাদেজাপত্নীর গায়ে হাত তোলেন। এ ঘটনায় আমরা সজয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে তাকে বরখাস্ত করা হয়েছে। তার চূড়ান্ত শাস্তির নিশ্চয়তা দিচ্ছি।’

প্রতক্ষ্যদর্শীরা বলছে, ‘সজয় খুবই নির্দয়ভাবে তার গায়ে হাত তোলে। এমনকি তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। তখন আশপাশের মানুষজন খুব দ্রুতই জড়ো হয় এবং কনস্টেবলকে দূরে সরিয়ে নিয়ে যায়।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন রবীন্দ্র জাদেজা। ইতোমধ্যে তার দল প্লে অফের টিকেট কেটেছে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।