বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার মধ্যে বিএনপিকে আটকিয়ে রাখবেন না। তাদের মধ্যে আটকিয়ে রাখলে বিএনপিকে টিকিয়ে রাখা যাবে না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সোমবার (২১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে মানবববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত সপ্তাহে ফিলিস্তিনে পাখি শিকারের মতো মানুষ মারা হয়েছে। মুসলমানদের মারা হয়েছে। নারী, পুরুষ, শিশু ও পঙ্গুদেরকেও হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ হচ্ছে। পৃথিবী চেয়ে চেয়ে দেখতে পারে না। আমাদের নেত্রী শেখ হাসিনা তার প্রতিবাদ জানিয়েছেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা নির্বাচন আসলে ইসলামের নাম করে ভোট প্রার্থনা করে, মানুষের কাছে গিয়ে ভোট চায় তাদের মুখে এ হত্যাকাণ্ডের কোনো প্রতিবাদ নাই। বিএনপি অফিসে সকাল-বিকাল প্রেস ব্রিফিং ও মানববন্ধন করা হয়। শুধু মাত্র খালেদা জিয়ার স্বাস্থ্য, তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। আজকে ফিলিস্তিনে পাখির মতো মানুষকে হত্যা করা হচ্ছে এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মুখ থেকে একটি শব্দও বের হয়নি।
মির্জা ফখরুল ইসলাম ও রিজভী বক্তব্যের প্রেক্ষিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে কথা বলেছে তার সাথে একাত্বতা রেখে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনের মধ্যে কোনো সর্ম্পক নাই। খালেদা জিয়া কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, তিনি হচ্ছেন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। শাস্তিপ্রাপ্ত আসামির সঙ্গে নির্বাচনের কোনো সর্ম্পক নাই। এরশাদও জেলে ছিলেন। তখনও নির্বাচন তার জন্য বসে ছিল না। খালেদা জিয়া জেলে আছে তার জন্য নির্বাচন বসে থাকবে না।
তিনি আরও বলেন, বিএনপি গত নির্বাচনে অংশগ্রহণ না করে গণতন্ত্রের ব্যাহত করেছেন। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এটি ২০১৪ সাল নয়, এটি ২০১৮ সাল। ২০১৪ সালের তুলনায় শেখ হাসিনার হাত আরো বেশি শক্তিশালী। বিশেষ করে দেশে ও বিদেশে। শেখ হাসিনা এখন বাংলাদেশের নেত্রী নয়, তিনি এখন বিশ্বের নেত্রী।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এ্যাড মো: আসাদুজ্জামান দুর্জয় এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মওলা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।





