বাংলাদেশ সময় গত শুক্রবার দিবাগত রাত দুইটা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশের পথে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। স্বভাবতই দেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে উচ্ছ্বসিত দেশবাসী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তবে বিএনপি নেতারা এই প্রকল্প নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মালিকানা দুইজন ব্যক্তির কাছে চলে গেছে। তাদের কাছ থেকে টাকা দিয়ে কিনতে হবে।
শনিবার (১২ মে) দুপুরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘ওটা (স্যাটেলাইট) মহাকাশে গেছে, আগে ঘুরুক। পৃথিবীর চারপাশে পরিক্রমা করুক, দেখা যাবে। আপনারাতো জানেনই মালিকানা চলে গেছে দুইজন ব্যক্তির কাছে। তাদের কাছ থেকে টাকা দিয়ে কিনতে হবে।’
‘চুক্তি করার অধিকার তাদের কে দিয়েছে’ প্রশ্ন করে মির্জা ফখরুল বলেন, ‘অনেক চুক্তি হচ্ছে। এইসব চুক্তি করার অধিকার তাদের কে দিয়েছে। আপনারা তো সংসদে নির্বাচিত নন। জনগণের পক্ষে যতো চুক্তি করেন আপনারা, সেই চুক্তি তো জনগণের চুক্তি নয়। আমি এই চুক্তি নিয়ে কিছু বলবো না কারণ এখনও দেখিনি।’
তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে চুক্তি হয়েছিল, চুক্তি করে একটা লোক এখন পর্যন্ত যেতে পারেনি। যেটা আমার সবচেয়ে বেশি দরকার সেই তিস্তার পানি চুক্তি এখন পর্যন্ত হয় নাই। এতো ভালো বন্ধু তারা, বছরের পর বছর কিছুই হয়নি।’
‘গতকাল খালেদা জিয়া দলের চেয়ারম্যান হিসেবে ৩৪ বছর পূর্ণ করেছে। এই ৩৪ বছর পূর্ণ হওয়ার দিনটিতে তিনি কারাগারে। এটা আমার উপলব্ধি যে, তার মতো ত্যাগী গণতান্ত্রিক নেতা আর আমাদের নেই।’





