এমনি এক অদ্ভুত ঘটনা ঘতিয়েছেন এক ডাক্তার। তিনি ভারতের পশ্চিমবঙ্গের সিউড়ি থানার একটি হাসপাতালের ডাক্তার। জানা যায় একজন শিশুর ভেঙ্গে গিয়েছে ডান হাত, কিন্তু প্লাস্টার করা হয়েছে অন্য একটি হাতে। শিশুটির মা এই ব্যাপারে ওই চিকিৎসকের বিরুদ্ধে শাস্তির দাবি করেছেন। এই ঘটনায় শিশুটির পরিবার ও আত্মীয়রা ক্ষোভ জানিয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, সিউড়ি থানার অন্তর্গত পাথর চাপড়ি গ্রামের বাসিন্দা মতিনা বিবি। তার দেড় বছরের ছেলে শেখ সাহদরের ডান হাত ভেঙেছিল। চিকিৎসার জন্য সাহদরকে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসেন মতিনা বিবি। সেখানে তার এক্সরে করা হয়।
এরপরই ডাক্তার বলেন, ভাঙা হাড় জোড়া লাগাতে হাতে প্লাস্টার করতে হবে। সে অনুযায়ী শুক্রবার রাতে প্লাস্টার করা হয়। কিন্তু প্লাস্টারের পর দেখা যায় ডান হাতের বদলে ডাক্তার দেড় বছরের শিশুর বাম হাতে প্লাস্টার করে দিয়েছেন।
বিষয়টি পরিবারের নজরে আসতেই হাসপাতালে জানান তারা।
মতিনা বিবি বলেন, ‘আমার ছেলের ডান হাত ভেঙে গিয়েছিল। কিন্তু ডাক্তাররা কীভাবে বাম হাতে প্লাস্টার করলেন সেটাই বুঝে উঠতে পারছি না। ব্যথায় ছটফট করছে আমার ছেলে। আমি চাই যে ডাক্তার এমন কাজ করেছে, তার যেন কঠিন শাস্তি হয়।’
তিনি আরও জানান যে, ‘আমি প্রতিবাদ করতে গেলে, শিশুর ভর্তি ও এক্সরের সমস্ত কাগজপত্র কেড়ে নেওয়া হয় আমার কাছ থেকে।’ নিজের অভিযোগ হাসপাতাল সুপারের কাছে লিখিতভাবে জানাবেন বলেও জানান মতিনা বিবি। এই ঘটনায় মুখ বন্ধ হাসপাতাল কর্তৃপক্ষের। কারও কাছ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




