রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারের জন্য কিংস ইলেভেন পাঞ্জাবের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন বীরেন্দ শেবাগের ভুল গেম প্ল্যানকে দুষলেন মালকিন প্রীতি জিনতা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সেই ঝামেলা নিয়ে প্রীতি-বীরুর মধ্যে সংঘাত চরম পর্যায়ে রুপ নিয়েছে। প্রীতির এমন ব্যবহারে নাকি ফুঁসছেন শেবাগ। ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন প্রীতির দুর্ব্যবহার তিনি সহ্য করবেন না।
জানা গেছে, শুধু দোষারোপেই ক্ষান্ত হননি বলিউড অভিনেত্রী ও কিংস ইলেভেন পঞ্জাবের মালকিন প্রীতি জিনতা। বরং ম্যাচের শেষে বীরুকে উত্তেজিতভাবে দু’কথা শুনিয়ে দেন তিনি। ফ্র্যাঞ্চাইজি মালকিনের এমন অপমানজনক ব্যবহারে প্রাথমিকভাবে নিজেকে শান্ত রাখলেও, শোনা যাচ্ছে শেষমেশ ধৈর্য্য হারিয়ে স্বভাবসুলভ আগ্রাসনে পাল্টা কয়েকটা জবাবও দেন শেবাগ। দুজনের মধ্যে কথাকাটাকাটি পর পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে, মৌসুম শেষেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন ভারতের সাবেক ধ্বংসাত্মক ওপেনার বীরেন্দ শেবাগ।
গত মঙ্গলবার জয়পুরে রাজস্থান রয়্যালস ১৫৮ রানের টার্গেট দিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবকে। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব আটকে যায় ৭ উইকেটে ১৪৩ রানে। এই ম্যাচে ১৫ রানে জিতে রাহানের দল। আর তার পরেই ক্ষোভে ফেটে পড়েন প্রীতি। দলের মেন্টর বীরুকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন করেছিলেন। সেই সব প্রশ্ন শুনে অত্যন্ত ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ওপেনার।
কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক শেবাগের। অনেকেই প্রশ্ন তুলেছেন, এরপর কি বীরুকে দেখা যাবে কিংস ইলেভেন পাঞ্জাবে? অবশ্য সেসব অনেক পরের কথা। পয়েন্ট তালিকায় বেশ ভাল জায়গায় রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। পয়েন্ট টেবিলের ৩ নম্বরে প্রীতির দল।
আজ শনিবার (১২ মে) কেকেআর-এর সঙ্গে ম্যাচ রয়েছে পাঞ্জাবের। এবারের আইপিএলে এখনো বেশ খানিকটা পথ যাওয়া বাকি কিংস ইলেভেন পাঞ্জাবের। কিন্তু দলটির মালকিন প্রীতি ও মেন্টর বীরুর সম্পর্ক যেভাবে তলানিতে গিয়ে ঠেকেছে, তার প্রভাব আবার ক্রিকেটারদের উপরে এসে পড়বে না তো? এমনটিই ভাবছেন অনেকে।
যদিও দলের ক্রিকেটীয় বিষয়ে প্রীতির নাক গলানো এই প্রথম নয়। এর আগেও শেবাগের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ হয়েছে তার। তবে এর আগে পরিস্থিতি এতটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় নি। শেবাগ আগেও দলের অন্য মালিকদের কাছে প্রীতিকে নিয়ে অভিযোগ করেছিলেন। তার পরেও লাগাম টানা যায়নি তার গতি বিধিতে।
গোটা ঘটনায় রীতিমতো অপমানিত বোধ করছেন শেবাগ। তিনি এতটাই ক্ষুদ্ধ যে পাঁচ বছরের চুক্তি মাঝপথেই ছিন্ন করে কিংস ইলেভেনের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন। এমনটাও শোনা যাচ্ছে।
একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, কিংস ইলেভেন পাঞ্জাব-এর এক কর্তাকে ক্ষুব্ধ বীরু নাকি বলেছেন, প্রীতির এই ধরনের আচরণ আর তিনি সহ্য করবেন না। এখন দেখা যাক, কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।





