রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের মৃত্যুতে মর্মাহত হয়েছেন হাইকোর্ট। ওই ঘটনায় তার দুই ভাইকে ক্ষতিপূরণ দিতে মঙ্গলবার নির্দেশ দেবেন আদালত। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এজন্য রাজীবের খালা জাহানারা পারভীন ও দুই ভাই হাইকোর্টে উপস্থিত হয়েছেন। সঙ্গে রয়েছেন তাদের মামাও।
সোমবার আদালতে আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, রাজীবের মামার কাছে শুনেছি তাদের কোনো সম্পত্তি নেই। শুধু একটু জায়গা আছে, তবে ঘর নেই। ১৪ ও ১২ বছরের দুই ভাই আছে। কিন্তু বাবা-মা নাই। রাজীবই তাদের দেখাশোনা করতো।
তখন আদালত বলেন, রুল শুনানি তো হবে। তবে এখন কিভাবে অন্তর্বর্তীকালীনভাবে তার পরিবারকে রিলিফ দেওয়া যায় তা দেখতে হবে।এ সময় আদালত বলেন, রাজীবের মৃত্যুতে পরিবারের যে ক্ষতি হয়েছে তাতে আমরা মর্মাহত। টাকা দিয়ে তো জীবনের মূল্য হয় না। যদি কোটি টাকাও ক্ষতিপূরণ দিতে বলি তাতে তো আর জীবন ফিরে পাবে না। এরপরও পরিবারের বিষয়টি দেখতে হবে।
এরপর আদালত বলেন, আমরা দুই ভাইয়ের জন্য ক্ষতিপূরণের আদেশ দেবো। কিন্তু গার্ডিয়ান কে? কার অনুকূলে দেবো?রুহুল কুদ্দুস বলেন, তারা মামা ও খালা আছে। আদালত বলেন, খালাকে আগামীকাল নিয়ে আসেন এবং একটি আবেদন দেন। কী পরিমাণ দেওয়া যায়।
আদেশের পর আদালত থেকে বেরিয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, রাজীবের খালাকে নিয়ে আসতে বলেছেন আগামীকাল। এরপর আদালত ক্ষতিপূরণে আদেশ দেবেন।





