এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (৬ মে) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষা মন্ত্রণালয়ের সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবার যেহেতু পরীক্ষার্থীর সংখ্যাও বেশি তাই সংখ্যার হিসাবে পাশের হার কিছুটা কম মনে হলেও সেটা হতাশাজনক না।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। এবার ১০টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। সেই হিসাবে এবার মাধ্যমিকে পাসের হার কমেছে ২ দশমিক ৫৮ শতাংশ ।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। গত বছর পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। এ ছাড়া জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫ হাজার ৮৬৮ জন।
চলতি বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৯৭ হাজার ৯৩৪ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার তিনশ ৭১ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার চারশ ১৩ জন।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ও বিদেশের কয়েকটি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের লিখিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলে।
এ বছর ৩ হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র, ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন। পাবলিক পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়।
তথ্যমতে, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করে। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।





