জন্ম নিয়েছে ছেলে কিন্তু পেলেন মেয়ে। হ্যা, এমনি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, সোমবার (৩০ এপ্রিল) রাতে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে (গাইনী) স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানের জন্ম দেন খুকি নামের এক গৃহবধূ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
খুকির স্বামী শরিফ জানান, মধ্যরাতের পর তার স্ত্রী ২০২ নম্বর ওয়ার্ডের অপারেশন থিয়েটারে এক সন্তানের জন্ম দেন। তখনই কয়েকজন ধাত্রী থিয়েটারের বাইরে এসে অপেক্ষারত শরিফকে বলেন, তোমার ছেলে সন্তান হয়েছে, বকশিস দাও। তাদের তখন ৩০০ টাকা বকশিস দিলে ধাত্রীরা বলেন, ছেলে হয়েছে, এতো কম টাকা নেবো না। পরে তাদের ৫০০ টাকা দেন শরিফ।
নবজাতককে রাতেই অপারেশন থিয়েটার থেকে নেওয়া হয় ২১৪ নং ওয়ার্ডে। কিন্তু সেখানে খাতায় সেবিকারা পরিচয় লিপিবদ্ধ করার সময় দেখতে পান, নবজাতক ছেলে নয়, মেয়ে। তারপর বিষয়টি জানানো হয় শরিফ-খুকি ও তাদের স্বজনদের।
শরিফ বলেন, আমার স্ত্রী ছেলে নবজাতক জন্ম দিয়েছে। হাসপাতালে চিকিৎসকরাও তা বলেছেন। তাহলে আমাদের কেন মেয়ে সন্তান দেওয়া হচ্ছে?খুকির মা সালমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, হইছে পোলা, পাইতাছি কেন মাইয়া? আমাগো পোলা কই? আমাগো পোলা চাই।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, আমাদের অফিসাররা কাজ করছেন ব্যাপারটি নিয়ে। শিশুর বাবা-মায়ের বক্তব্য তারা শুনছেন। যেই ডাক্তার ডেলিভারি করিয়েছেন, তিনি শতভাগ নিশ্চিত, ওই বাচ্চা তারই (খুকির)। সবকিছু ঠিক আছে। এখানে অন্য কিছু বলার সুযোগ নেই।
তারা এখন মেনে নিতে পারেন, অন্যথায় আদালতে যেতে পারেন। ডিএনএ টেস্ট করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। শিশুটি বর্তমানে আমাদের তত্ত্বাবধানেই আছে।এ বিষয়ে শরিফ বলেন, মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা নিয়ে আমাদের মনে একটি সন্দেহ তৈরি হয়েছে। তাই আমরা ডিএনএ পরীক্ষা করেই নিশ্চিত হয়ে নিতে চাই।





