সম্প্রতি আহ্ছানিয়া মিশন ক্যান্সার হসপিটাল লটারি-২০১৮ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারের ড্র-এ প্রথম পুরস্কার পান যশোরের ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের কৃষক ইসমাইল হোসেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারমান মোশাররফ হোসেন ভূঁইয়া প্রথম পুরস্কার বিজয়ী ইসমাইল হোসেনের হাতে ৩০ লক্ষ টাকা মূল্যের চেক হস্তান্তর করেন। এরপর তিনি অন্যান্য বিজয়ীদের মাঝেও পুরস্কারের চেক তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক এনবিআর-এর চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, ঢাকা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ড. খলিলুর রহমান এবং মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম।

পুরস্কারের চেক হাতে নিয়ে মো. ইসমাইল হোসেন তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, পোস্ট অফিস থেকে দু’টি লটারির টিকিট কিনেছিলাম। কিন্তু ভাবতে পারিনি যে এই টিকিটের মাধ্যমে আমি ৩০ লক্ষ টাকার প্রথম পুরস্কার পাবো।

আমার মেয়েকে বিয়ে দিয়েছি। ছেলে ৯ম শ্রেণিতে পড়ে। অন্যের জমি চাষ করে আমার সংসার চলে। এ টাকা দিয়ে কিছু জমি কিনে এখন নিজেই চাষাবাদ করবো এবং আমার ছেলেকে আরো পড়ালেখা করাবো।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ২০১৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের প্রাথমিকভাবে চিকিৎসা কাজের উদ্বোধন করেন। ১৫ তলা বিশিষ্ট এই ক্যান্সার হাসপাতালটি সম্পুর্ণরূপে চালু করার জন্য আরো অর্থের প্রয়োজন।

সে লক্ষে আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের তহবিল গঠনের জন্য ১৪ জানুয়ারি ২০১৮ থেকে চতুর্থবারের মতো সরকার অনুমোদিত আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল লটারি-২০১৮-এর টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়।

গত ১০ মার্চ ২০১৮ ধানমন্ডিস্থ আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের লটারির ড্র অনুষ্ঠিত হয়। সূত্র: ইত্তেফাক