প্রতি বছরের মতন এ বছরেও তারকাদের নিয়ে দল সাজিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। ১১তম আসরে এ পর্যন্ত ছয়টি ম্যাচে মাঠে নেমে চারটিতেই পরাজয়ের স্বাদ পেয়েছে বিরাট কোহলির দল। পাহাড় সমান রান করেও জয় পাচ্ছে না (আরসিবি)। আর তাই আরসিবি অধিনায়ক বিরাট কোহলির সমালোচনায় মেতেছে সমর্থকরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের অনেকে কটাক্ষ করছেন আরসিবি অধিনায়ককে। কেউ কেউ প্রশ্ন করে বলেছেন, গৌতম গম্ভীর ছাড়তে পারলে কোহলির নেতৃত্ব ছাড়তে সমস্যা কোথায়।

জয়ানাথ নামের এক ব্যাঙ্গালুরু সমর্থক লিখেছেন, ‘কোহলি অধিনায়কত্ব ছেড়ে দিন প্লিজ, যেমন গৌতম গম্ভীর দিল্লি ডেয়ারডেভিলসেরটা ছেড়েছে। মেনে নেওয়া উচিত আপনি একজন অদক্ষ অধিনায়ক। আনুশকা শর্মা দয়া করে কোহলিকে বোঝান। তিনি তৃতীয় শ্রেণির একজন অধিনায়ক।’

পার্থিবান উমাপাথি নামের একজন লিখেন, ‘গৌতম গম্ভীরের মতো কোহলিরও নেতৃত্ব ছাড়া উচিত। তার কোনো কমনসেন্সই নেই। তিনি কীভাবে ক্রিস ওকসকে একাদশের বাইরে রাখেন?’

আরসিবির আরেক সমর্থক তো কোহলির বাজে অধিনায়কত্বের কারণও খুঁজে বের করেছেন। তার মতে, মহেন্দ্র সিং ধোনি নেই বলেই কোহলির বাজে অধিনায়কত্ব প্রকাশ পাচ্ছে। এ নিয়ে তিনি টুইটে লিখেন, ‘ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের হয়ে কোহলিকে সাধারণত নির্দেশনা দিয়ে থাকেন ধোনি। কিন্তু আইপিএলে ধোনির সেই নির্দেশনা পাচ্ছেন না কোহলি। তাই আরসিবির হয়েও কোহলির নেতৃত্ব এত দুর্বল।’

অবশ্য কোহলি একাই নন। তার স্ত্রী আনুশকা শর্মাও সমর্থকদের রোষানলে পড়েন। তাকে মাঠে গিয়ে খেলা না দেখার অনুরোধ জানিয়েছে ক্ষুব্ধ সমর্থকরা। তাদের মতে, কোহলিপত্নী মাঠে গেলেই হারে আরসিবি।