আগের ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। পরের ম্যাচে আইপিএলে ৫০ উইকেট পূর্ণ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এদিন সানরাইজার্সের ঘরের মাঠে পাঞ্জাবের বিপক্ষে ব্যাটে বলে জ্বলে উঠেছিলেন সাকিব। বল হাতে ৩ ওভারে ১৮ রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেটের পাশাপাশি ব্যাট হাতেও নিয়েছেন ২৮ রান। শেষ পর্যন্ত ১৩২ রানের পুঁজি নিয়েও পাঞ্জাবকে ১৩ রানে হারিয়েছে সাকিবের হায়দ্রাবাদ।পাঞ্জাবের মায়াঙ্ক আগারওয়ালকে ফিরিয়ে আইপিএলে উইকেটের ‘ফিফটি’ তুলে নেন। এরপর অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে আইপিএলে নিজের ৫০ ম্যাচে সাকিবের উইকেটসংখ্যা ৫১।
উইকেটের হাফ সেঞ্চুরি ছাড়াও একটি দিক থেকে সবার উপরে সাকিব আল হাসান। সেটি হল, আইপিএলে বিদেশি বাঁহাতি স্পিনার হিসেবে প্রথম ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব শুধুই সাকিবের। আইপিএলে সাকিবের আগে আর কোনো বিদেশি বাঁহাতি স্পিনার ৫০ উইকেট নিতে পারেননি।ফ্রাঞ্চাইজি ক্রিকেটের এই টুর্নামেন্টে বাঁহাতি হিসেবে সাকিবের আগে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন শুধু দুই অস্ট্রেলিয়ান ও এক কিউই পেসার। এর মধ্যে মিচেল জনসনই সবার উপরে। ৫০ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এ পেসার। জনসনের পরই ৪৪ ম্যাচে ৬০ উইকেট নিয়ে দ্বিতীয়তে আছেন মুম্বাই ইন্ডিয়ানসের কিউই পেসার মিচেল ম্যাক্লেনাহান। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার ৬০ ম্যাচে ৫৯ উইকেট নিয়ে আছেন তৃতীয় স্থানে। যেকোনো ধরনের বিদেশি বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার কীর্তিতে সাকিব চতুর্থ।স্পিনার-পেসার মিলিয়ে সাকিবের অবস্থান চতুর্থ হলেও একটি দিক দিয়ে সাকিব শীর্ষে। রান দেওয়ার ব্যাপারে বরাবরই কৃপণ সাকিব। চারজনের মধ্যে সাকিবের ইকোনমি রেটই সবচেয়ে কম, মাত্র ৭.১৭।





