অনেক অবহেলার সহ্য করার পর চলতি আইপিএলের একাদশ আসরে বিধ্বংসী মেজাজে দেখা দিয়েছেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। ২২ গজে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন তিনি। কিন্তু আরেকটু হলেই কিংস ইলেভেন পাঞ্জাবের হাত ফসকে যাচ্ছিলেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

অর্থের অভাবে তাকে দলে নিতে গিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল পাঞ্জাব। শেষ পর্যন্ত অবশ্য ভাগ্য ভালো থাকায় গেইলকে পেয়ে যায় প্রীতি জিন্টার দল।

পাঞ্জাবের অন্যতম মালিক নেস ওয়াদিয়া বলেছেন, ‘নিলামের শেষদিকে আমাদের হাতে মাত্র ২.১ কোটি টাকা পড়েছিল। সেই কারণে আমরা প্রথম দুই বার ক্রিসের জন্য বিড করতে পারিনি। অন্য কোনো দল যদি ক্রিসের জন্য দর হাঁকত, তাহলে আমাদের পক্ষে ওকে দলে নেওয়া সম্ভব হত না। সৌভাগ্যবশত অন্য কোনো দল ওকে নিতে চায়নি। সেই কারণে তৃতীয়বার আমরা ওকে নিতে পারি। ভাগ্যের সহায়তা পাওয়ায় আমরা খুব খুশি।’

এবারের আইপিএলে নিলামের আগে গতবারের দল থেকে শুধু অক্ষর প্যাটেলকে ধরে রেখেছিল পাঞ্জাব। ফলে নিলাম থেকে বাকি ক্রিকেটারদের কিনে নিতেই হয়েছিল তাদের। এসব খেলোয়াড় কেনার পেছনে ৬৭.৫ কোটি টাকা খরচ করে পাঞ্জাব। সবার শেষে গেইলকে দলে নেওয়া হয়। এই তারকা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বুঝিয়ে দিচ্ছেন, তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত কতটা সঠিক।

গেইল প্রত্যাশা পূরণ করলেও, অপর এক তারকা যুবরাজ সিং একেবারেই ভালো খেলতে পারছেন না। তাকে গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে দলে রাখা হয়নি।

এ বিষয়ে নেস বলেছেন, ‘যুবরাজ এখন রানের মধ্যে নেই। তবে আশা করি ও আবার ভালো পারফরম্যান্স দেখাবে। ফ্র্যাঞ্চাইজির কাছে ও মূল্যবান খেলোয়াড়। সেই কারণেই ওকে ফের দলে নিয়েছি আমরা।’