রাজধানীর উত্তরার দক্ষিণখানে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেরার পথে নববধূকে ছিনতাই করার ঘটনা ঘটেছে। কারা এই কাজ করেছে সেটা জানা যায়নি। তবে পুলিশের ধারণা, ছিনতাই হওয়া বধূর সঙ্গে হামলাকারীদের পরিচয় থাকতে পারে।শুক্রবার বিকালে উত্তরার দক্ষিণখান থানার সদর পাড়ার প্রেমবাগান এলাকায় এই ঘটনা ঘটেছে। তবে বর বা বধূর পূর্ণাঙ্গ পরিচয় কী, বরের বাসা কোথায়, এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও দিতে পারেনি পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেমবাগান এলাকায় হাজী মার্কেটের পাশে কনের বাড়িতেই বিয়ে বড়ানো হয়েছিল। বিয়ে শেষে বউ নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি কিছুটা আগাতেই হামলা হয় গাড়িতে।প্রথম দিকে লাঠি দিয়ে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে যুবকরা। সেটা না পারায় পরে ইট দিয়ে কাঁচ ভাঙা হয়।

পরে জানলা দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে কনেকে বের করে মোটর সাইকেলে তুলে নিয়ে চলে যায় ওরা। এ সময় নববধূ বাধা দেয়ার চেষ্টা করেনি বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

এই বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, বিকালে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক যুবক বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি এবং এ বিষয়ে কেউ এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেনি। আমরা নিজেরাই মাঠে নেমেছি। তবে এখন বিস্তারিত জানানো যাচ্ছে না।