কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় এ মাসের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী
কৃষিমন্ত্রীকে বরখাস্ত না করলে আল্লাহ রাব্বুল আলআমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই বরখাস্ত করে দেবেন বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৫ এপ্রিল ) ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে এক সমাবেশে কাদের সিদ্দিকী এ কথা বলেন।
এসময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, আমার লজ্জায় মাথানত হয়ে গেছে। একজন মন্ত্রী সংসদে দাঁড়িয়ে কোটা বিরোধী ছাত্র-ছাত্রীদের কীভাবে রাজাকারের বাচ্চা বলতে পারে? সেই সময়ই তার মৃত্যু হওয়া উচিত ছিল অথবা তাঁকে গলা টিপে মরা। যে মানুষটা রাজাকারের বাচ্চা বলে সংসদে দাঁড়িয়ে গালি দিতে পারে, তাকে এখনও আমার বোন (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বরখাস্ত করে নাই কেনো আমি তা জানি না। এই মাস সময় তাকে দিলাম। যদি মতিয়া চৌধুরীকে বরখাস্ত না করেন, আল্লাহ রাব্বুল আল আমিন শেখ হাসিনাকেই বরখাস্ত করে দেবেন।
জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অধ্যক্ষ এম আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, যুগ্ম আহ্বায়ক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক দিলুয়ার হোসেন, ময়মনসিংহ মহানগর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি একেএম উজ্জ্বল খান প্রমুখ।
সমাবেশ শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী দলের নেতা-কর্মীদের সাথে একটি আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।





