গেলো বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ১৬ জন ক্রিকেটার। অন্যান্য টেস্ট খেলুড়ে দেশের বিবেচনায় ঐ সংখ্যাই ছিল কম। এবার আরও কমেছে সেটি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
১৬ ক্রিকেটারের মধ্য থেকে সাব্বির রহমান বাদ পড়েছেন আগেই, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। বিসিবির সর্বশেষ বোর্ড সভায় জানানো হয়েছে, বাদ পড়ছেন আরও পাঁচজন। যে দশজন চুক্তিতে টিকে রয়েছেন, তাদের সাথে যোগ দেবেন আরও তিনজন, ‘রুকি’ শ্রেণিতে। অর্থাৎ সেই তিনজনের সবাই হবেন তরুণদের কেউ।
ক্রিকেটারদের সাথে চুক্তি করা নিয়ে বিসিবির এমন আমূল পরিবর্তনের পর সবার মনেই ঘুরছে প্রশ্ন- কীসের ভিত্তিতে চুক্তিতে ঠাই পাচ্ছেন কিংবা চুক্তি থেকে বাদ পড়ছেন ক্রিকেটাররা?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক আকরাম খান। বোর্ড সভার আগে আকরামই প্রথম জানিয়েছিলেন, কমে আসছে চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা। কীসের ভিত্তিতে এটি নির্ধারণ করেছেন ক্রিকেটের নীতিনির্ধারকরা, এমন প্রশ্নের জবাবে আকরাম খান জানান- এই ক্ষেত্রে দুটি জিনিস বিবেচনা করেছেন তারা।
আকরাম বলেন, ‘দুটি বিষয়ের ওপর ভিত্তি করে সিদ্ধান্তটি নিয়েছি।‘ এই দুটি বিষয়ের প্রথমটি হল তিন ফরম্যাটেই নির্দিষ্ট ক্রিকেটারকে পাওয়া যাচ্ছে কি না। আকরামের ভাষ্য, ‘প্রথমত দেখেছি, তিন সংস্করণের ক্রিকেটেই কাদের পাওয়া যাচ্ছে। বর্তমান খেলোয়াড়দের মধ্যে ৮০ ভাগের ওপরে এ রকম খেলোয়াড় আছে। তাদের চুক্তিতে বিবেচনা করা হয়েছে।‘
একটি বিষয় গেলো… অন্য বিষয়? আকরাম জানান, সেটি পারফরমেন্স, ‘এ ছাড়া আমরা দেখেছি, কারা পারফরমার। আমরা চাই, চুক্তিতে থাকার জন্য খেলোয়াড়দের মধ্যে পারফরম্যান্সের প্রতিদ্বন্দ্বিতা হোক। যারা ভালো পারফর্ম করবে না, তারা চুক্তির বাইরে থাকবে।’
উল্লেখ্য, ‘রুকি’ শ্রেণিতে চুক্তির আওতায় আসা তিন ক্রিকেটারের মধ্যে একজন হতে পারেন লিটন কুমার দাস। বাকিদের ভাগ্য নির্ধারণ করা হবে শুক্রবার পর্যন্ত বিসিএলে মগ্ন হাবিবুল বাশার সুমন রাজশাহী থেকে ঢাকায় ফিরলে।





