রাজধানীর ধানমন্ডি এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এক নারী ও বনানীতে বাসের চাপায় পা হারান অপর এক নারী। শুক্রবার (২০ এপ্রিল) রাতে এ দুটি দুর্ঘটনা ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় পা হারানো রোজিনাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে বিআরটিসি বাস এবং চালক শফিকুলকে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
দুই বাসের রেষারেষিতে হাত হারিয়ে কলেজছাত্র রাজীবের মৃত্যুর ১ সপ্তাহ পার হতে না হতেই বাসের চাপায় পা হারালেন এক তরুণী।প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে বনানী ফ্লাইওভারের কাছে রাস্তা পার হওয়ার সময় মহাখালী থেকে কাকলীগামী বিআরটিসি’র একটি বাস তাকে ধাক্কা দেয়। এসময় বাসটি তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করে। আহত রোজিনা সাংবাদিক ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মেয়েটা সিগনাল দিচ্ছিলো। তবে তার সিগনাল নামে মেনে গাড়িটা গতি আরও বাড়িয়ে দেয়। পায়ের উপর দিয়ে উঠে গিয়ে পা’টা দুই ভাগ হয়ে যায়।’
আর ইশতিয়াক রেজা বলেন, ‘রোজিনা নিজে আমাকে যেটি বলেছে যে, ও পড়ে যাবার পর ভালো ছিলো। ও ছিটকে গেছে এবং পরে বাসটা আবার ওর ওপর দিয়ে চলে গেছে। শুধু তাই না, বাসটা সামনে গিয়ে আবারও পেছনের দিকে এসে তাকে চাপা দিয়েছে। ইচ্ছে করে ওকে মেরে চলে গেছে।’
চিকিৎসক জানান, রোজিনার অবস্থা আশঙ্কাজনক। তার শরীর থেকে ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।বনানী থানার উপ-পরিদর্শক সামছুল জানান, এ ঘটনায় বিআরটিসি বাস এবং চালক শফিকুল ইসলামকে আটক করেছে বনানী থানা পুলিশ।
এদিকে বনানীতে সড়ক দুর্ঘটনার কিছুক্ষণ পর রাজধানীর ধানমন্ডিতে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দেয় এক নারীকে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুদা ইস্কাটনের একটি হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাসা শাহবাগে।এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।





