রাজশাহীতে চিকিৎসকের অবহেলায় সুলতানা বেগম (৩০) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুরের ‘জেনারেল হাসপাতাল’নামে একটি ক্লিনিকে মারা যান ওই প্রসূতি।সুলতানা বেগম নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার জহুরুল ইসলামের স্ত্রী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এ ঘটনায় ক্লিনিকটিতে হামলা ও ভাঙচুর চালান ওই প্রসূতির স্বজনরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহতের স্বামী জহুরুল ইসলাম জানান, প্রসব বেদনা নিয়ে মঙ্গলবার রাতে ওই ক্লিনিকে ভর্তি হন সুলতানা। বুধবার দুপুরে সিজারিয়ান অপারেশনে ছেলে সন্তান জন্ম দেন তিনি।
সেখানকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মনোয়ারা বেগম তার সিজার করেন।জহুরুল ইসলামের অভিযোগ, সিজারের পর থেকেই সুলতানার শারীরিক অবস্থার অবনতি হয়। কিন্তু চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ প্রসূতিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়নি। অবহেলায় তার মৃত্যু হয়েছে।
তবে অবহেলার কথা অস্বীকার করেন চিকিৎসক মনোয়ারা খাতুন। তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণেই সুলতানাকে বাঁচানো যায়নি। অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন ক্লিনিকটির ব্যবস্থাপক আতাউর রহমানও।
এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। এনিয়ে অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট করে দুপুরের পর মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।





