লন্ডনের বাকিংহাম প্যালেসের আজ থেকে শুরু হচ্ছে ২৫তম কমনওয়েলথ সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন। এ সম্মেলনের উদ্বোধনীতে যোগদানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের দিন শুরু হবে। এ অনুষ্ঠানের পর বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে এবং কমনওয়েলথ মহাসচিবের যৌথ আয়োজনে অংশগ্রহণকারীদের সম্মানে অনুষ্ঠেয় অভ্যর্থনা সভায় যোগ দেবেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
দিনের বিভিন্ন সময়ে এক্সিকিউটিভ সেশনে অংশ নেয়ার পাশাপাশি সন্ধ্যায় সরকার প্রধানদের সম্মানে রানী দ্বিতীয় এলিজাবেথ প্রদত্ত পরিচিতি, অভ্যর্থনা ও নৈশভোজে যোগ দেবেন বাংলাদেশের সরকার প্রধান। দিনব্যাপী ব্যস্ত কর্মসূচির সাইড লাইনে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ারও কথা রয়েছে।
মেগা এ আয়োজনে অংশ নিতে গত সোমবার মধ্য রাতে লন্ডনে পৌঁছান শেখ হাসিনা। সফরের প্রথম ও দ্বিতীয় দিনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি। যার মধ্যে অন্যতম ছিল মঙ্গলবার বিকালের ওভারসিজ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে (ওডিআই) আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়ন গল্প : নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক অনুষ্ঠান। এতে মূল বক্তা হিসেবে ভাষণ দেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। যেখানে দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং সম-সাময়িক পরিস্থিতি নিয়েও কথা হয়। সেখানে এক প্রশ্নের জবাবে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরানো এবং বিচারের মুখোমুখি করতে সরকারের উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘এ ব্যাপারে আমরা যুক্তরাজ্য সরকারের সঙ্গে কথা বলছি এবং অবশ্যই একদিন আমরা তাকে দেশে ফিরিয়ে আনবো। তাকে বিচারের মুখোমুখি হতে হবে। লন্ডনে তারেক রহমানকে আশ্রয় দেয়ার জন্য বৃটিশ সরকারের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যুক্তরাজ্য একটি অবাধ স্বাধীনতার দেশ এবং এটি সত্যি যে, যেকোনো ব্যক্তি এখানে আশ্রয় নিতে এবং শরণার্থী হতে পারে। তবে তারেক রহমান অপরাধের কারণে আদালত কর্তৃক একজন দণ্ডিত ব্যক্তি। আমি বুঝতে পারি না, একজন দণ্ডিত ব্যক্তিকে কীভাবে যুক্তরাজ্য আশ্রয় দিয়েছে।’
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য মতে, পূর্ব নির্ধারিত সূচির বাইরে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠকের চেষ্টা চলছে। সফরের বিভিন্ন সময়ে অংশগ্রহণকারী সরকার প্রধানদের সঙ্গেও তার অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক বৈঠক ও মতবিনিময় হবে। আগামী ২৩শে এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।




