কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে ঝালকাঠির বিভিন্ন এলাকা। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় লঞ্চঘাটের টার্মিনাল (পল্টুন) ছিঁড়ে সুন্দরবন-১২ লঞ্চসহ ভেসে যায় সুগন্ধ্যা নদীর ওপারে। গ্যাংওয়ে ও আশপাশের চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে নদীতে তলিয়ে গেছে বলে জানা গেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় ঘরের টিনের চালা ও বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়ে। বাতাসে লঞ্চঘাটের পল্টুনের শিকল ছিঁড়ে যায়। এতে সুন্দরবন-১২ লঞ্চ ও পল্টুনটি নদীতে ভেসে যায়।
পরে এলাকার উল্টো দিকে কিস্তাকাঠি নদীর তীরে লঞ্চটি টার্মিনালসহ নোঙর করে রাখা হয়। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় লঞ্চঘাট এলাকার চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি টিকিট বুকিং অফিস।
দ্বিতীয় দফায় বিকাল ৩টার দিকে আবার প্রচণ্ড গাতিতে কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে জেলার নলছিটি ও রাজাপুর উপজেলাতে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়ে। উড়ে যায় বসতঘরের চালা। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।খবর পেয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন।





