শুরুতে অকথ্য, অশ্লীল ও উত্তেজিত ভাষায় বকাঝকা। তারপর দেখে নেয়ার হুমকি। শেষে আবার বকাঝকা। এভাবে টানা ৮মিনিট ৭ সেকেন্ড বকাঝকা ও হুমকি দিয়ে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে হুমকির শিকার উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দুটি জাতীয় গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধি আব্দুর রহমান আরমান থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৭৭৬) করেছেন। ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।
জানা গেছে, পহেলা বৈশাখের ছবি দিয়ে সাংবাদিক আরমানের দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসে করা মন্তব্যকে কেন্দ্র করে নিজের ব্যবহৃত ফোন নম্বর থেকে (০১৬৭৬৫১৮৩৮৫) হুমকি এবং বকাঝকা করেন মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস। পরে তিনি ওই স্ট্যাটাসে নিজের করা মন্তব্য ডিলিট করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেন।
এ ব্যাপারে সাংবাদিক আব্দুর রহমান আরমান বলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি এর আগেও বেশ কয়েকবার আমাকে নিয়ে বাজে মন্তব্য ও নানা ধরণের হুমকি দিয়েছেন। কিন্তু বিষয়গুলোর একটিও আমলে নেইনি। এবার সহ্য করতে না পেরে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। কারণ তিনি আমার অথবা আমার পরিবার, প্রেস ক্লাব ও সহকর্মীদের ক্ষতি করতে পারেন।
এবিষয়ে জানতে উপজেলা মহিলা ভাইস চোয়ারম্যান শর্মিলী দাস মিলির ব্যবহুত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, এর আগেও শর্মিলী দাস মিলি তার পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ও তার পরিবারকে নিয়ে নিজের ফেজবুক আইডিতে অশ্লিল মন্তব্য করায় সংবাদপত্রের শিরোনাম হয়েছেন। পরে তিনি নিজের ভুল স্বীকার করে আইন শৃঙ্খলা কমিটির সভায় ক্ষমা চান।





