কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ও উস্কানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে (আইসিটি) মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা আন্দোলন নিয়ে গুজব ও উস্কানিমূলক তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে বুধবার সাইবার ক্রাইম বিভাগের উপপরিদর্শক (এসআই) এসএম শাহজালাল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।ওসি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত) ২০১৩ এর ৫৭(২)/৬৬ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে কারো নাম-ঠিকানা উল্লেখ না করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে এতে কোটা আন্দোলন নিয়ে গুজব ছড়ানো বিভিন্ন ফেসবুক আইডির নাম ও পোস্ট সংযুক্ত করা হয়েছে।

পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রের মৃত্যুর তথ্য দিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের পোস্ট করা স্ট্যাটাসের স্ক্রিনশট মামলার এজাহারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এছাড়া সুফিয়া কামাল হলের এক ছাত্রীর রগ কেটে দেয়ার গুজবের স্ক্রিনশটও যুক্ত করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে উস্কানিমূলক অপপ্রচারের অভিযোগে আইসিটি অ্যাক্টে দায়ের করা ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৩ মে ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলার এজাহার আদালতে পাঠানো হলে তা দেখে ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের এ দিন ঠিক করেন।প্রসঙ্গত, গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি, পেইজ ও গ্রুপ, ইউটিউব, টুইটার, অনলাইন নিউজ পোর্টাল, ব্লগ, ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত উস্কানিমূলক অপপ্রচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টাকারীদের মনিটরিং করে পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। মনিটরিং শেষে বুধবার মামলা করা হয়।