টাঙ্গাইলের ঘাটাইলে প্রেমের ফাঁদে ফেলে বিধবা এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাহাড়িয়া এলাকার চৌডাল গ্রামে ঘটনাটি ঘটলেও বিষয়টি জানাজানি হয় পরে। ধর্ষণে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা করেছে ধর্ষণের শিকার ওই নারী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই বছর আগে স্বামী মারা যাওয়ার পর উপজেলার জামুরিয়া ইউনিয়নের ওই নারী তার পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে পৌর শহরের খরাবর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন আগে উপজেলার চৌডাল গ্রামের সোবহানের ছেলে বাবুল হোসেনের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ফোনে কথা হলেও দুজনের সাক্ষাৎ হয়নি।

গত মঙ্গলবার রাতে ওই নারীকে ঘাটাইল কলেজ মোড় এলাকায় আসতে বলেন বাবুল। তার কথা মত আসলে বাবুল সিএনজি অটোরিকশায় করে তাকে উপজেলার চৌডাল এলাকার বনবিভাগের আকাশমনির বাগানে নিয়ে যায়। সেখানে দুই বন্ধুকে নিয়ে ওই নারীকে দলবেঁধে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে সেদিন রাতেই ওই নারী বাদী হয়ে একটি মামলা করেন।

মামলার পর মোবাইলে ট্যাকিং করে পুলিশ বাবুল হোসেন এবং তার বন্ধু চৌডাল গ্রামের ছাদের আলীর ছেলে ইদ্রিছ আলীকে গ্রেপ্তার করে। ধর্ষণে অভিযুক্ত অপর একজন পলাতক রয়েছেন।

জানতে চাইলে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন পিপিএম জানান, গতকাল বৃহস্পতিবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেপ্তার দুইজনকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।